আহত আনসার সদস্যদের চিকিৎসার খোঁজ নিলেন মহাপরিচালক

গাজীপুরের শালনায় পোশাকশ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধ চলাকালে হামলায় আহত আনসার ব্যাটালিয়নের ৯ সদস্যকে দেখতে হাসপাতালে গেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। শনিবার (২৮ নভেম্বর) তিনি আনসার-ভিডিপি হাসপাতাল পরিদর্শন করে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। একই সঙ্গে তাদের সর্বোত্তম চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গাজীপুরে শিল্পকারখানা, জনজীবন ও মহাসড়কের নিরাপত্তায় বর্তমানে আনসার ব্যাটালিয়নের ১৯টি প্লাটুন দায়িত্ব পালন করছে। গত ২৫ নভেম্বর সালনা এলাকায় দায়িত্ব পালনকালে আনসার বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিন কর্মকর্তা ও ছয় আনসার ব্যাটালিয়ন সদস্য আহত হন। ঘটনার পরপরই তাদের আনসার-ভিডিপি হাসপাতালে নেওয়া হয়। মহাপরিচালকের নির্দেশনায় অতিরিক্ত মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে তাদের চিকিৎসার খোঁজখবর নেন।
আহত কর্মকর্তারা হলেন সার্কেল অ্যাডজুট্যান্ট সুকুমার, রনি ও আরাফাত। আহত সদস্যরা হলেন হাবিলদার শুকুর মাহমুদ, নায়েক আঃ রহিম, নায়েক শাহাদাৎ হোসেন, ল্যান্স নায়েক আবদুল হান্নান, সিপাহি মহসিন ও সিপাহি মাসুম শেখ। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে।
হাসপাতাল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মহাপরিচালক বলেন, সালনা এলাকায় দায়িত্ব পালনরত আনসার ব্যাটালিয়ন ও পুলিশ সদস্যদের ওপর সহস্রাধিক দুষ্কৃতকারী পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। এ সময় দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের সুরক্ষায় আনসার সদস্যরা নিজেদের ঢাল হিসেবে ব্যবহার করে হামলার আঘাত সহ্য করেন।
তিনি আরও বলেন, একটি দোকানে আশ্রয় নেওয়ার পরও দুষ্কৃতকারীরা তাদের লক্ষ্য করে গরম পানি নিক্ষেপসহ বিভিন্নভাবে হামলা চালায়। বিপুলসংখ্যক শ্রমিকের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে আনসার সদস্যরা ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন।
মহাপরিচালক জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় বিজিবি ও পুলিশসহ অন্যান্য বাহিনীর সমন্বয়ে দ্রুত অতিরিক্ত সদস্য পাঠানো হয়। পরে মহাসড়কের প্রতিবন্ধকতা সরিয়ে জনজীবন স্বাভাবিক করা হয়। হামলার ঘটনায় ইতোমধ্যে প্রাথমিক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।
আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মহাপরিচালক। এ সময় প্রয়োজনীয় ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা ও নিবিড় পরিচর্যা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। আহত সদস্যদের মনোবল বাড়াতে তাদের দ্রুত সুস্থতার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
মহাপরিচালক বলেন, চরম প্রতিকূল পরিস্থিতিতেও গাজীপুরের নিরাপত্তা রক্ষায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের সাহসিকতা ও দায়িত্বশীলতা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় বাহিনীর ভূমিকা আরও সুদৃঢ় করবে।
বর্তমানে আহত সবাই আশঙ্কামুক্ত রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন বলে জানানো হয়েছে।
ভোরের আকাশ/জেআ