বিগত সরকারের আমলের চেয়ে নির্বাচনের পরিবেশ ভালো: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, এ বছর নির্বাচনের পরিবেশ এখনও গত বছরের তুলনায় ভালো অবস্থায় রয়েছে।
তিনি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এখন পর্যন্ত চারজনের মৃত্যু ঘটেছে। যদিও এই ঘটনা অনাকাঙ্ক্ষিত, তবুও বর্তমান নির্বাচনের পরিস্থিতি পূর্ববর্তী সরকারের সময়ের তুলনায় ভালো।”
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত নিয়মিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন শফিকুল আলম।
বিগত সরকারের আমলে হওয়া নির্বাচনগুলোর চেয়ে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো জানিয়ে প্রেসসচিব বলেন, ‘২০১৪ সালের আগে নির্বাচনে সহিংসতায় ১১৫ জন নিহত হয়েছেন। সেই হিসেবে নির্বাচনী পরিবেশ ভালো।’ রাজনৈতিক দলগুলোর মধ্যে যথেষ্ট সহিষ্ণুতা রয়েছে বলেও দাবি করেন তিনি।
শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনা সরকার পর্যবেক্ষণ করছে বলে জানান উপ-প্রেসসচিব আজাদ মজুমদার।
তিনি বলেন, ‘এই ঘটনায় জড়িতদের বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করে গ্রেপ্তারের কাজ করছে পুলিশ। সেই সঙ্গে নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় সে বিষয়েও সরকার সতর্ক রয়েছে।’
ভোরের আকাশ/এনএস