ভয়াবহ বন্যা-ভূমিধসে নেপালের পাশে দাঁড়াল বাংলাদেশ

নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১২ কোটি ৩০ লাখ টাকা) জরুরি অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার।
বুধবার (২ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে এই সহায়তার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে এই অর্থ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুদানের বিষয়টি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে রয়েছে বলে জানা গেছে।
এদিকে, নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ এই দুর্যোগে মৃতের সংখ্যা ১ হাজার ১০০ ছাড়িয়েছে। পাশাপাশি কয়েক হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।
নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বুধবার প্রকাশিত তথ্য অনুযায়ী, আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনায় দেশটিতে এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৩ হাজার ৯১৬ জন।
অন্যদিকে, চীনের অংশে অন্তত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে ৫৪৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ২৬১ জন বিদেশি নাগরিক বলে জানা গেছে।
ভয়াবহ এই দুর্যোগে নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বাংলাদেশের এই জরুরি সহায়তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি মানবিক সহযোগিতারও বহিঃপ্রকাশ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ভোরের আকাশ/জেআ