ছোট্ট মারিয়ামের চিকিৎসায় পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামের হাটহাজারীর ছয় বছর বয়সী শিশু জান্নাতুল মারিয়ামের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে শিশু জান্নাতুল মারিয়ামের অসুস্থতার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে শিশুটির চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে রাজধানী ঢাকায় চিকিৎসার জন্য আসা জান্নাতুল মারিয়ামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। সংগঠনটির সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা শিশুটির মা নাহিদ আখতারের সঙ্গে কথা বলেন ও মারিয়ামের চিকিৎসার বিষয়ে খোঁজ নেন।
এ সময় প্রতিনিধি দলের সদস্যরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সহমর্মিতার বার্তা পরিবারের কাছে পৌঁছে দেন ও চিকিৎসার জন্য সহায়তা প্রদান করেন।
প্রতিনিধি দলে আরও ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, ঢাকা কলেজ ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল মিসবাহ, উত্তরাঞ্চল ছাত্রফোরামের সহসভাপতি ফারজানা রিমি ও ছাত্রদল নেত্রী আয়েশা খানসহ অন্যরা।
জান্নাতুল মারিয়াম হেম্যানজিওমা (রক্তনালীর টিউমার) রোগে আক্রান্ত। এ রোগের কারণে তার খাওয়া-দাওয়া ও ঘুমের ক্ষেত্রে নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে। মেয়ের চিকিৎসা নিয়ে উদ্বিগ্ন তার মা নাহিদ আখতার।
উন্নত চিকিৎসার জন্য জান্নাতুল মারিয়ামকে চীনে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার।
ভোরের আকাশ/জেআ