‘নির্বাচনে মানুষের আস্থা ফেরানোটাই বড় চ্যালেঞ্জ’
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন ঘিরে মানুষের আস্থা ফেরানোটাই এখন বড় চ্যালেঞ্জ । তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করাটাই সরকার ও নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ। বিশ্বের অনেক দেশের সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি যেমন থাকে তার চেয়ে বাংলাদেশে ভালো আছে। আগামী নির্বাচনের আগে এই পরিস্থিতির আরও উন্নতি হবে।
শনিবার (৯ আগস্ট) সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকে তিনি এসব কথা বলেন।
নাসির উদ্দিন বলেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকাটা যেমন চ্যালেঞ্জ ,তেমনি নির্বাচন সংশ্লিষ্ট সবক্ষেত্রে মানুষের আস্থা ফেরানোটাও বড় চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, বিগত সময়ে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল, তাদের যথা সম্ভব বাদ দিয়ে নতুন লোক নির্বাচন প্রক্রিয়ায় যোগ করা হবে।
সিইসি বলেন, জাতির কাছে দেওয়া প্রধান উপদেষ্টার সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি রক্ষা করতেই কাজ করছে ইসি।
তিনি বলেন, এআইয়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় মানুষের মধ্যে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। এটা মোকাবিলা করার চেষ্টা করা হচ্ছে।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন কমিশন আগামী নির্বাচনে কারও পক্ষে ও বিপক্ষে কাজ করবে না। ১৮ কোটি মানুষের হয়ে কাজ করবে। ভোট দেওয়া যেমন নাগরিক দায়িত্ব, তেমন ঈমানি দায়িত্বও বটে।
তিনি বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন স্বচ্ছ ও সুন্দর ভাবে পরিচালনার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
ভোরের আকাশ/মো.আ.