বুয়েট শিক্ষার্থী শাদিদের চিকিৎসার খোঁজখবর নিলেন প্রধান উপদেষ্টার প্রতিনিধি

আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বুয়েট শিক্ষার্থী সৈয়দ শাদিদ নাসিফকে দেখতে গিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টার দুই বিশেষ সহকারী শেখ মইনুদ্দিন এবং ফয়েজ আহমদ তৈয়্যব।
শাদিদ বর্তমানে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ওই সময় তার বাবা, মা, বোনসহ কয়েকজন আত্মীয় উপস্থিত ছিলেন। প্রতিনিধি দল পরিবারের সঙ্গে কথা বলে চিকিৎসার খোঁজখবর নেন এবং নিশ্চিত করেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের ওপর কোনো ধরনের বলপ্রয়োগ যেন না ঘটে।
প্রতিনিধিরা জানান, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো ডিএমপি প্রধানের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। তারা পরিবারের সদস্যদের আশ্বাস দেন যে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা এবং প্রয়োজনে উন্নততর চিকিৎসা নিশ্চিত করা হবে।
চিকিৎসক দলের তথ্য অনুযায়ী, শাদিদের অপারেশন সফল হয়েছে এবং তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। তবে পরবর্তী পাঁচটি দিন বিশেষ গুরুত্বপূর্ণ; চিকিৎসকরা পঞ্চম দিন পরিস্থিতি বিবেচনা করে রোগীকে আইসিইউতে স্থানান্তর করা হবে কিনা তা নির্ধারণ করবেন।
প্রতিনিধি দল মাননীয় প্রধান উপদেষ্টা ও প্রকৌশলীদের পক্ষ থেকে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং চিকিৎসা ও সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানান। পরে তারা শাদিদের সহপাঠী এবং প্রকৌশল অধিকার আন্দোলনের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পরিবারের পাশে থাকার গুরুত্ব তুলে ধরেন।
ভোরের আকাশ/হ.র