এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও তিন প্রতিষ্ঠানে দুদকের অভিযান

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের অর্থ আত্মসাৎ, সেচখাল ও সেতু নির্মাণে অনিয়ম এবং সরকারি হাসপাতালে রোগী হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে দেশের চার স্থানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২২ নভেম্বর) কমিশনের প্রধান কার্যালয় ও তিনটি জেলা কার্যালয়ের এনফোর্সমেন্ট টিম এসব অভিযান পরিচালনা করে।
দুদকের জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা যাচাইয়ে এসব অভিযান চালানো হয়।
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের (এফডিইই) বিরুদ্ধে যানবাহন চলাচলের প্রকৃত সংখ্যা গোপন করার অভিযোগ উঠেছে। এর মাধ্যমে টোল আদায়ের অর্থ আত্মসাৎ এবং সরকারকে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত করার অভিযোগ খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদকের প্রধান কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম।
এদিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের ‘টিওয়ানএসএইটডি’ সেচখালের বাঁধ পুনর্বাসন ও শক্তিশালীকরণ কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। প্রকল্পের শর্ত অনুযায়ী বাইরে থেকে মাটি এনে বাঁধ নির্মাণের কথা থাকলেও সংশ্লিষ্ট ঠিকাদার তা না করে খালের পাশের ফসলি জমি কেটে মাটি ব্যবহার করছেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়া কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং নির্ধারিত মান ও শর্ত অনুসরণ না করে সরকারি অর্থ ব্যয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে পার্বতীপুর পানি উন্নয়ন বোর্ডে অভিযান চালায় দুদকের দিনাজপুর জেলা কার্যালয়ের একটি দল।
অন্যদিকে, বাগেরহাটের রামপাল উপজেলায় একটি ব্রিজ নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকল্প কর্মকর্তাদের বিরুদ্ধে। অভিযোগের সত্যতা যাচাইয়ে রামপাল উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) অভিযান পরিচালনা করে দুদকের বাগেরহাট জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম।
এ ছাড়া ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা দিতে হয়রানি এবং ভর্তি রোগীদের খাবার সরবরাহে অনিয়মের অভিযোগের ভিত্তিতে হাসপাতালটিতে অভিযান চালায় দুদকের ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল।
অভিযান পরিচালনাকারী দলগুলো সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছে। এসব নথি ও প্রাপ্ত তথ্য-প্রমাণ যাচাই-বাছাই শেষে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।
ভোরের আকাশ/জেআ