বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়তে চান মন্ত্রী সাচিং প্রু

বান্দরবান ছোট শহর হলেও প্রাকৃতিক সৌন্দর্যে অনন্য। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সমন্বিত উদ্যোগে শহরটিকে পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব হিসেবে গড়ে তুলতে চান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।
রোববার (২৭ সেপ্টেম্বর) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে বান্দরবানের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষা করা কঠিন কোনো বিষয় নয়। ব্যক্তিগত পর্যায় থেকে পুরো শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। বাসাবাড়ির পরিচ্ছন্নতা থেকে শুরু করে সব কাজে জবাবদিহিতা ও পারস্পরিক সমন্বয় থাকতে হবে।
পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে সাচিং প্রু বলেন, পর্যটন মৌসুমে পার্বত্য চট্টগ্রামে দেশি-বিদেশি পর্যটকদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। পাশাপাশি শহরের যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি স্থানীয় জনগণকে পর্যটকদের সঙ্গে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করার আহ্বান জানান তিনি।
কৃষির সম্ভাবনার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, পার্বত্য অঞ্চলের কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। পতিত জমিকে চাষাবাদের আওতায় আনার পাশাপাশি বান্দরবানের মাটিতে কফি ও কাজুবাদাম চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ জন্য কৃষকদের উৎসাহিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
পার্বত্য এলাকায় পানির সংকটের টেকসই সমাধানে বৃষ্টি, ঝিরি, নদী ও লেকের পানি সংরক্ষণে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্ব দেন মন্ত্রী। প্রান্তিক জনগোষ্ঠীর সার্বিক কল্যাণে দেশি-বিদেশি উন্নয়ন সংস্থাগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার ও বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম বাচ্চু।
এ ছাড়া সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও পর্যটন খাতের অংশীজনরা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/সু.পা