গণমাধ্যম নিয়ন্ত্রণের অভিযোগ নাকচ করলেন তথ্য প্রতিমন্ত্রী

সাইবার সুরক্ষা আইন গণমাধ্যম নিয়ন্ত্রণ বা সাংবাদিকদের লেখালেখি বন্ধ করার জন্য করা হচ্ছে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, “গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য, লেখা বন্ধ করার জন্য বা আমাদের পক্ষের লেখার জন্য যে আমরা সাইবার সিকিউরিটি আইন করছি, তা কিন্তু একেবারেই নয়।”
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের ভুয়া অ্যাকাউন্ট খুলে মানুষকে হেনস্তা ও হয়রানি করা হচ্ছে। এর ফলে অনেকে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নেওয়ার পর্যায়েও চলে যাচ্ছেন। এমনকি অনেক সাংবাদিকের নামেও ভুয়া তথ্য ও গুজব ছড়ানো হচ্ছে।
ইয়াসের খান চৌধুরী বলেন, জনগণকে এসব হয়রানি ও অপপ্রচার থেকে সুরক্ষিত রাখতে একটি কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সাংবাদিকদেরও একমত হওয়ার কথা উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, “আশ্বস্ত করতে চাই, সাংবাদিকদের সুরক্ষার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কাজ করে যাচ্ছে।”
ভোরের আকাশ/জেআ