বিএনপি-এনসিপির সংঘর্ষের ঘটনায় ইসির জিডি

ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা নির্ধারণ শুনানিতে বিএনপি ও এনসিপির পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় রাজধানীর শেরে বাংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, “ওই ঘটনায় জিডি করা হয়েছে। এতে কারও নাম উল্লেখ করা হয়নি। শুনানিতে হাতাহাতির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। তদন্তের বিষয়টি সম্পূর্ণ পুলিশের দায়িত্ব।”
তিনি আরও জানান, কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে নয়; বরং ইসির নিজ উদ্যোগেই থানায় জিডি করা হয়েছে।
এর আগে গত রোববার রাজধানীতে অনুষ্ঠিত শুনানিতে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। পরে ইসির কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, গত ২৪ আগস্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া-২ ও ৩ আসনের খসড়া সীমানা নিয়ে দাবি-আপত্তির শুনানি শুরু করে ইসি। তবে রোববারের ঘটনায় বিশৃঙ্খলা দেখা দেওয়ায় শুনানি শেষ করে ইসির সচিব সংশ্লিষ্টদের কক্ষ ত্যাগের অনুরোধ জানান।
ভোরের আকাশ//হ.র