সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর এবারের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে। সর্বশেষ সূচি অনুযায়ী, ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে গিয়ে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেবেন তিনি। এরপর ২৬ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করার কথা রয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর ২১ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা করা হয়েছিল। নিউইয়র্কের পাশাপাশি সান ফ্রান্সিসকো সফরের প্রস্তুতিও ছিল। পরে সফরসূচি সংক্ষিপ্ত করা হয়।
সরকারি সূত্রগুলো জানিয়েছে, এবারের সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের তালিকাও ছোট রাখা হয়েছে। নিউইয়র্কে অবস্থানকালে জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ আয়োজিত কয়েকটি আলোচনা এবং বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকগুলোর মধ্যে উন্নয়ন, মহামারি প্রতিরোধ, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং পরমাণু নিরস্ত্রীকরণসংক্রান্ত আলোচনা রয়েছে। পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বাংলাদেশ রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা আয়োজন করছে।
কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক এবং জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালিহের সঙ্গে বৈঠক করতে পারেন।
এ ছাড়া সফরকালে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর এ সফর সরকারপ্রধান হিসেবে তাঁর প্রথম অংশগ্রহণ ও ভাষণ।
ভোরের আকাশ/এসএইচ