খালেদা জিয়ার কবরের স্থান পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজধানীর জিয়া উদ্যানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার পর জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শনে আসেন তিনি।
এ সময় উপদেষ্টা কবর খনন কার্যক্রম ছাড়াও সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজ-খবর নেন।
স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গণিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে মরদেহবাহী গাড়িটি গুলশান-২ এর উদ্দেশে রওনা হয়। পরে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দপ্তরের পাশ দিয়ে গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছায়।
এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সেই সঙ্গে ৩১ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ