‘নুরের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে’
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যমুনার গেটে এক ব্রিফিংয়ে এ কথা জানান।
শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা যমুনায় নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার এবং নুরের দুজন সহযোদ্ধার সঙ্গে কথা বলেছেন। তিনি নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠাতে বলেছেন এবং হামলার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন।
প্রেস সচিব আরও বলেন, সাক্ষাতের সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান- হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হচ্ছে। আগামীকালের মধ্যেই এ সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে এবং ১৫ দিনের মধ্যে তদন্ত কমিটি তাদের কাজ সম্পন্ন করবে।
এর আগে, সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
ভোরের আকাশ/এসএইচ