জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমানের কার্যালয়ে ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।
জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সভাপতির কার্যালয়ের কর্মকর্তাদের তালিকা অনুযায়ী, খলিলুর রহমানের ৪০ সদস্যের এই আন্তর্জাতিক দলে জাইমা রহমানসহ মোট ছয়জন বাংলাদেশি কর্মকর্তা স্থান পেয়েছেন। কার্যালয়ের আইন কর্মকর্তা হিসেবে জাইমা রহমান মূলত আইনি বিষয়গুলো দেখাশোনা করবেন।
যুক্তরাজ্যে ও বাংলাদেশে একজন অভিজ্ঞ ব্যারিস্টার ও আইন পেশাজীবী জাইমা রহমান লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা এবং পরবর্তী সময়ে বার-অ্যাট-ল সম্পন্ন করেন।
জানা গেছে, বাংলাদেশি কূটনীতিক আব্দুল আলিম এই অফিসের উপ-প্রধানের দায়িত্ব পালন করবেন। আর অফিসের উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন মোয়াজ্জেম হোসেন।
এ ছাড়াও তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাস বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে মাফিজুল ইসলাম; টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে জাকির আহমেদ; বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলো বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে মো. রফিকুল আলম মোল্লা দায়িত্ব পালন করবেন।
‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ হিসেবে দায়িত্ব পাওয়া আব্দুল আলিম দীর্ঘদিন ধরে কূটনৈতিক পেশায় আছেন। এর আগে তিনি বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনে কাজ করেছেন।
ভোরের আকাশ/আ.র