নির্বাচনী দায়িত্বে অবহেলার শাস্তি আরও কঠোর হচ্ছে

নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলা বা অপরাধের শাস্তি বাড়াতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
পরে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আইন সংশোধনের মাধ্যমে নির্বাচন কমিশনের কার্যক্রম আরও কার্যকর হবে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত হবে। এ সময় উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদও উপস্থিত ছিলেন।
নতুন আইনে যে পরিবর্তনগুলো আসছে
অবহেলায় দায়িত্ব পালন না করলে: আগে এক বছরের কারাদণ্ড বা পাঁচ হাজার টাকা জরিমানার বিধান ছিল। সংশোধিত আইনে জরিমানা বাড়িয়ে করা হয়েছে সর্বোচ্চ এক লাখ টাকা।
অসদাচরণে জড়ালে: পূর্বে ছয় মাস কারাদণ্ড বা দুই হাজার টাকা জরিমানার নিয়ম থাকলেও, এখন থেকে দণ্ড হবে ন্যূনতম এক বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড অথবা ২০ হাজার টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড।
অসদাচরণের সংজ্ঞা বিস্তৃত করা হয়েছে: রিটার্নিং কর্মকর্তা বা কমিশনের আদেশ অমান্য, আইন ইচ্ছাকৃত লঙ্ঘন এবং দায়িত্বে অবহেলাকে নতুনভাবে অসদাচরণের অন্তর্ভুক্ত করা হয়েছে।
সভায় একই সঙ্গে প্রথম দফায় গৃহীত ১২১টি সংস্কার প্রস্তাবের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এর মধ্যে ২৪টি বাস্তবায়িত, ১৪টি আংশিক বাস্তবায়িত এবং বাকিগুলো বাস্তবায়নের পথে রয়েছে। আগামী মাসে সব সংস্কারের অগ্রগতি নিয়ে একটি সংকলন বুকলেট আকারে প্রকাশের পরিকল্পনা করেছে সরকার।
ভোরের আকাশ // হ.র