গাড়ির কাগজপত্র নবায়নের সুযোগ বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত

জরিমানা ছাড়াই মূল কর ও ফি পরিশোধ করে মোটরযানের ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এটিকে শেষবারের মতো সময়সীমা বৃদ্ধি হিসেবে উল্লেখ করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ বিভাগের ২৩ আগস্টের সম্মতির পরিপ্রেক্ষিতে জরিমানা ছাড়া মূল কর ও ফি পরিশোধ করে সব ধরনের মোটরযানের কাগজপত্র—ফিটনেস, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স—হালনাগাদ করার সময়সীমা ২৯ অক্টোবর ২০২৬ পর্যন্ত শেষবারের মতো বাড়ানো হয়েছে।
এতে আরও বলা হয়, বর্ধিত সময়সীমা অবিলম্বে কার্যকর হবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সহকারী সচিব মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ভোরের আকাশ/সু.পা