পূজাকে কেন্দ্র করে গুজব প্রতিরোধে কাজ চলছে: এসআরবি মহাপরিচালক

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশ বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে এখনও কোনো নাশকতার গোয়েন্দা তথ্য নেই। ভার্চ্যুয়াল জগতের গুজব প্রতিহতে কাজ করছে সাইবার টিম। সাইবার জগতে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার কোনো সুযোগ নেই।
রবিবার দুর্গাপূজাকে নিয়ে গৃহীত নিরাপত্তা ব্যবস্থা বিষয়ে ব্রিফ করতে গিয়ে তিনি এ কথা বলেন।
এসআরবি মহাপরিচালক বলেন, এ সময় কোনো ব্যক্তি বা গোষ্ঠী সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় এমন কোনো তথ্য থাকলে তা জানানোর আহ্বান জানান তিনি।
মন্দির ও মণ্ডপের নিরাপত্তা নিয়ে আহসান হাবীব পলাশ বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে সব অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সংখ্যক এসআরবি সদস্য মোতায়েন আছে। গোয়েন্দা নজরদারিও চলমান। এছাড়া ১৫টি ব্যাটালিয়ন সারা দেশে কাজ করছে। এসআরবির ডগ স্কোয়াড ও বোম ডিসপোজাল ইউনিট নিয়মিত তল্লাশি চালাচ্ছে।
এসআরবি মহাপরিচালক বলেন, পূজামণ্ডপে আগত কোনো নারী দর্শনার্থীকে হয়রানি রোধে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। স্থানীয় পূজা কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করছে এসআরবি। প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও থাকবে।
ভোরের আকাশ/এনএস