নগর জনস্বাস্থ্য রক্ষায় টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্ব প্রতিমন্ত্রীর

‘ইমপ্রুভমেন্ট অব আরবান পাবলিক হেলথ প্রিভেন্টিভ সার্ভিসেস প্রজেক্ট’ (IUPHPSP)-এর আওতাধীন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বুধবার সকাল ১০টায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত প্রকল্পটির সার্বিক অগ্রগতি নিয়ে ক্রিস্টোফ লেমিয়েরের (Christophe Lemiere) নেতৃত্বাধীন বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সঙ্গে স্থানীয় সরকার বিভাগ ও প্রকল্প ব্যবস্থাপনা ইউনিটের পরামর্শকদের বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরা হয়। একই সঙ্গে IUPHPSP প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
প্রকল্পটি মূলত মশক ও বাহকবাহিত রোগ নিয়ন্ত্রণ, হাসপাতাল-বহির্ভূত চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা, দাবদাহ, বায়ু ও শব্দদূষণসহ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট জনস্বাস্থ্য ঝুঁকি মোকাবিলায় কাজ করছে। পাশাপাশি আচরণগত পরিবর্তনমূলক যোগাযোগ কৌশলের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও অসংক্রামক রোগ কমাতে প্রয়োজনীয় সুবিধা তৈরির বিষয়েও প্রকল্পটির আওতায় কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রকল্পের আওতাভুক্ত এলাকাগুলো হলো—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং ঢাকার পার্শ্ববর্তী সাভার ও তারাব পৌরসভা।
প্রকল্পের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দ্রুত বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় নগরের পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বিশেষ গুরুত্ব দিয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার জন্য পৃথক দুটি নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
বৈঠকে মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়া, স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মো. রবিউল ইসলামসহ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/জেআ