বাসাইলে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

টাঙ্গাইলের বাসাইলে ৪৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) রাতে বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের কৈচুরী তিন রাস্তার মোড় এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বাসাইল উপজেলার আইসড়া গ্রামের মো. আমির হকের ছেলে মো. ইয়াহিয়া ওরফে ইয়ামিন (২২) এবং লাল্টু সরকারের ছেলে আসলাম সরকার সানিম (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসাইল থানার একটি আভিযানিক দল কৈচুরী তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় পাকা সড়কের ওপর থেকে ৪৪ পিস ইয়াবাসহ তাঁদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় বাসাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে প্রয়োজনীয় পুলিশ পাহারায় বুধবার তাঁদের আদালতে সোপর্দ করা হয়।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে-ই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।
ভোরের আকাশ/জেআ