নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীতে ২৫৮৭১ জন নিয়োগ: স্বরাষ্ট্র উপদেষ্টা

ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীতে ২৫ হাজার ৮৭১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ বাহিনীতে ১৫ হাজার ৮৫১ জন, বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ৪ হাজার ৪৬৯ জন ও আনসার ৫ হাজার ৫৫১ জন নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়া ফায়ার সার্ভিসে ২০৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
সভায় ‘মব জাস্টিস’ (দলবদ্ধ বিশৃঙ্খলা) নিয়ে কী আলোচনা হয়েছে, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব জাস্টিস কীভাবে কমিয়ে আনা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। আমি বলব না যে মব জাস্টিস এলিমিনেট (বন্ধ) হয়ে গেছে। এখনো মব হচ্ছে, যেমন কিছু দিন আগে রংপুরে একটা মব জাস্টিস হয়েছে। ঢাকাতে মব জাস্টিস কমেছে। কিন্তু আশপাশে দুই-একটা মব জাস্টিস হয়েই যাচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা কমিয়ে আনা যায়।
গত ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে এক রিকশাচালক ‘মব জাস্টিস’র শিকার হয়েছেন এবং পুলিশ ধরে একটি মামলায় আদালতে পাঠিয়ে দিয়েছে। ঢাকাতেও ‘মব জাস্টিস’ বন্ধ করা গেল না, আপনাদের কোনো নির্দেশনা ছিল কি না, সেখানে কোনো সাধারণ মানুষ ফুল দিতে পারবে না- এমন প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা বক্তব্য দেওয়া হয়েছে। এরপর তো আমাদের আর কোনো কথা নেই।
তিনি বলেন, ফুল দেওয়া নিয়ে কোনো নির্দেশনা ছিল কি না আমি জানি না। এ ব্যাপারে আপনারা (সাংবাদিক) ভালো বলতে পারবেন। আমাদের নির্দেশনা ছিল যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।
রিকশাচালক গ্রেপ্তারের বিষয়ে যে তদন্ত করার নির্দেশ ছিল সেটার রিপোর্ট কি পেয়েছেন জানতে চাইলে তিনি বলেন, না সে রিপোর্ট এখনও পাইনি।
চাকরিবিধি অনুযায়ী ১৮ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, আগামীতে কি এরকম আরও ব্যবস্থা নেবেন- জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটা চলমান প্রক্রিয়া। ৬০ কর্মদিবসের বেশি অনুপস্থিত থাকলে বরখাস্ত করে দেয়, এটা চলমান প্রক্রিয়া চলতেই থাকবে।
ভোরের আকাশ/এসএইচ