বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন, নিরাপত্তা জোরদার

রাজধানীর সদরঘাট-সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে বিজয়া দশমী উপলক্ষে প্রতিমা বিসর্জন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে হিন্দু ধর্মাবলম্বীরা কয়েকটি প্রতিমা বিসর্জন দিয়েছেন।
একে একে নৌকায় করে প্রতিমা নিয়ে বিসর্জনস্থলে আসছেন তারা।
বুধবার (২১ অক্টোবর) সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, পূর্বঘোষিত পরিকল্পনা অনুযায়ী প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে নৌ পুলিশ সদস্যরা ওয়াটার বোর্ড ও স্পিডবোট নিয়ে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করেছেন। দিন-রাত যতক্ষণ প্রতিমা বিসর্জন কার্যক্রম চলবে, ততক্ষণ বাড়তি নিরাপত্তা নিয়ে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, বিকেল ৩টার মধ্যে কয়েকটি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। বর্তমানে বিসর্জন কার্যক্রম চলমান রয়েছে।
পর্যায়ক্রমে বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা নিয়ে নৌকায় করে ভক্তরা বুড়িগঙ্গা নদীতে আসছেন।
পুরান ঢাকার কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল বলেন, কোতোয়ালি থানা-সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে কিছুক্ষণ আগে একটি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে কোতোয়ালি থানা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া পুরান ঢাকার কোতোয়ালি থানা এলাকা দিয়ে অধিকাংশ প্রতিমা বিসর্জনের জন্য বুড়িগঙ্গা নদীর দিকে নেওয়া হচ্ছে। প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে সর্বোচ্চ নিরাপত্তার পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয়েছে। প্রতিমা নিয়ে যাওয়ার সময় সড়কে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এসব বিষয় ট্রাফিক পুলিশও তদারকি করছে।
ভোরের আকাশ/এনউব