সন্ত্রাসীদের সব ঘাঁটি খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার অপচেষ্টা যারা করেছে, তাদের অবস্থান ও আশ্রয়স্থল শনাক্ত করে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (৩১ মে) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজ-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশে কার্যকরভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করা জরুরি। তিনি জানান, দেশের কোথাও সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় থাকতে দেওয়া হবে না। যারা রাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহস দেখিয়েছে, তাদের সব ঘাঁটি চিহ্নিত করে নির্মূল করা হবে।
তিনি আরও বলেন, সাম্প্রতিক অভিযানে পুলিশ, বিজিবি, র্যাব, সেনাবাহিনী এবং হেলিকপ্টারসহ বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে অংশগ্রহণ করেছে। প্রায় চার হাজার সদস্যের যৌথবাহিনী ওই এলাকায় দায়িত্ব পালন করেছে।
মন্ত্রী জানান, রাষ্ট্রের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করছে। এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এখন প্রধান লক্ষ্য। সন্ত্রাসীদের সহযোগিতা বা আশ্রয়দাতাদেরও খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
তিনি বলেন, জঙ্গল সলিমপুর, আলীনগর এবং পার্শ্ববর্তী এলাকাগুলোর অবকাঠামোগত উন্নয়ন, সরকারি স্থাপনা নির্মাণ এবং দীর্ঘমেয়াদি নিরাপত্তা পরিকল্পনা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনা হয়েছে। সম্ভাব্য নতুন কারাগার স্থাপনের জন্য কয়েকটি স্থানও পরিদর্শন করা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের উচ্ছেদ করা হবে না বলে তিনি আশ্বস্ত করেন। যাদের পুনর্বাসনের প্রয়োজন হবে, তাদের জন্যও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
গণমাধ্যমের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সঠিক ও নির্ভরযোগ্য তথ্য আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রমকে আরও কার্যকর করতে পারে। তাই জনগণের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ভুমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যৈষ্ট সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন, বিভাগীয় কমিশনার ড.জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ প্রমুখ।
ভোরের আকাশ/এসএইচ