পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিন দিনের সফরে ঢাকায় আসছেন আজ শনিবার । দ্বিপক্ষীয় এই সফরে সম্পর্ক পুনরুজ্জীবনের পাশাপাশি রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বাড়াতে গুরুত্ব দেবে ইসলামাবাদ। সফরে পাঁচ থেকে ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। বিমানবন্দরে ইসহাক দারকে স্বাগত জানাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম ও পূর্ব) ড. মো. নজরুল ইসলাম।
সফরের প্রথম দিন সন্ধ্যায় ঢাকায় পাকিস্তান হাইকমিশনের আয়োজনে একটি রিসিপশন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠকে মিলিত হবেন।
রোববার (২৪ আগস্ট) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইসহাক দার এবং বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বৈঠকে দুই দেশের মধ্যে ৬-৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। আলোচনা শেষে একটি বিশেষ ভোজের আয়োজন করেছে বাংলাদেশ সরকার।
এ সফরে ইসহাক দার প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পাশাপাশি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সরকারের উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার।
ভোরের আকাশ/মো.আ.