জামানত ছাড়া ঋণ পাচ্ছেন ৬৪০ জন

বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির প্রথম ধাপে দেশের ৮টি জেলার ৬৪টি উপজেলা থেকে ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে জামানত ছাড়া ঋণের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক তাদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে।
দেশে স্বাবলম্বী উদ্যোক্তা তৈরি ও তরুণদের স্বপ্ন বাস্তবে রূপ দিতে ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি- ‘উদ্যোগ’ এর আওতায় জামানত ছাড়া ঋণ দিতে ৬৪০ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এ ক্ষেত্রে আট জেলার ৬৪ উপজেলা থেকে ১০ জন করে বাছাই করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে শুক্রবার এই তালিকা প্রকাশ করা হয়। তালিকায় নাম ও ব্যক্তিদের শনাক্তকরণ নম্বর প্রকাশ করলেও তারা কে কত টাকা ও কোন খাতে ঋণ পাচ্ছেন তা জানায়নি কেন্দ্রীয় ব্যাংক।
প্রথম ধাপে বাছাই করা জেলাগুলো হচ্ছে, মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা। এসব জেলার ৬৪ উপজেলার প্রতিটির জন্য ঋণের ক্ষেত্রে একটি লিড ব্যাংকও ঠিক করেছে কেন্দ্রীয় ব্যাংক। তালিকায় কোন উপজেলার জন্য কোনটি লিড ব্যাংক সেটিও দেওয়া হয়েছে।
তরুণদের উদ্যোক্তা তৈরিতে সহায়তা করতে নেওয়া ‘উদ্যোগ’ প্রকল্পে প্রথম পর্যায়ে ৮ জেলায় আবেদন পড়ে ১৮ হাজার ৪৪৪টি। সেখান থেকে কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে বাংলাদেশ ব্যাংকেই স্বাক্ষাৎকার নেওয়া হয় আবেদনকারীদের।
গত ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এসব জেলার উপজেলা পর্যায়ে সব বাণিজ্যিক ব্যাংকের শাখায় আবেদন গ্রহণ করা হয়।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আট জেলার মধ্যে নেত্রকোণায় সর্বোচ্চ ৫৩৫১টি আবেদন পড়ে ঋণের জন্য। এর পরই রংপুর জেলায় ২৭৪৫টি ও ২ হাজার ৪৫৬টি আবেদন পড়ে নওগাঁয়।
এছাড়া মানিকগঞ্জে ১৩৪৩টি, ফেনীতে ১২৬১টি, ঝিনাইদহে ২১৯১টি, ভোলায় ১৫৪৫টি, হবিগঞ্জে ১৫৫২টি আবেদন জমা হয়।
উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ২৮ বছর বয়সী উদ্যোক্তাদের অর্থায়ন করতে গত ১৩ সেপ্টেম্বর ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি করে বাংলাদেশ ব্যাংক। এ প্রকল্পের অধীনে কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, পশুপালন, পর্যটন, সেবা, সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন, হালকা প্রকৌশল এবং প্রযুক্তিভিত্তিক স্টার্ট-আপসহ অন্যান্য বৈধ ব্যবসায় ঋণ নিতে পারবেন উদ্যোক্তরা।
এতে অর্থায়নের সর্বোচ্চ পরিমাণ হবে ২০ লাখ টাকা। এর মধ্যে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ হিসেবে ও অবশিষ্ট ১০ লাখ টাকা পর্যন্ত এককালীন অনুদান হিসেবে দেওয়া হবে।
ঋণ ও অনুদানের অর্থ একইসঙ্গে এককালীন দেওয়ার কথাও বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এ ক্ষেত্রে ঋণ হিসেবে দেওয়া অর্থ পরিশোধ না করলে, অনুদান অর্থের পুরোটাই ঋণে রূপান্তরিত হয়ে যাবে। অর্থাৎ অনুদান নিশ্চিত করতে ঋণের পুরোটা পরিশোধ করতে হবে উদ্যোক্তাকে।
ভোরের আকাশ/আ.র