মোবাইল ব্যবহার নিয়ে পুলিশ সদস্যদের বিশেষ নির্দেশনা

ঢাকা মহানগরে দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য পুলিশ সদস্যদের মোবাইল ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সফলভাবে প্রতিরোধ করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক অফিস আদেশে এসব কথা বলা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
ফারুক হোসেন বলেন, নিষেধাজ্ঞা সব পুলিশ সদস্যদের জন্য প্রযোজ্য, তবে সংশ্লিষ্ট টিমের ইনচার্জরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। অর্থাৎ টিম ইনচার্জরা (যে পদেই থাকুন না কেন) প্রয়োজনে যোগাযোগের জন্য মোবাইল ব্যবহার করতে পারবেন।
তিনি আরও বলেন, যেখানে যে টিম দায়িত্ব পালন করবে, সেই টিমের ইনচার্জের মোবাইল সচল থাকবে যাতে প্রয়োজনীয় যোগাযোগ নিশ্চিত করা যায়।
নির্দেশনায় বলা হয়েছে, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা, যেকোনো অরাজকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধ করা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিরাপদ পরিবেশ বজায় রাখা এসব বিষয়েই পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।
ডিএমপির নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, নিষেধাজ্ঞা অমান্য করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এবিষয়ে এক পুলিশ কর্মকর্তা বলেন, মাঠ পর্যায়ে দায়িত্ব পালনের সময় অনেক পুলিশ সদস্যকে ব্যক্তিগত কারণে মোবাইল ফোনে ব্যস্ত থাকতে দেখা যায়। এতে তাৎক্ষণিক অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা ব্যাহত হয়। তাই শুধুমাত্র দায়িত্ব পালনের সময় মোবাইল ব্যবহারে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
ভোরের আকাশ/এসএইচ