রোহিঙ্গা সংকট সমাধানে চীন-আসিয়ানকে নিয়ে সম্মেলনের প্রস্তাব

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ, চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছে আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে অ্যাডভোকেসি গ্রুপটির প্রতিনিধিদল এ প্রস্তাব উত্থাপন করে।
এপিএইচআরের কো-চেয়ারপারসন ও মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য চার্লস সান্তিয়াগো বলেন, “দুটি বিষয় অগ্রাধিকার পাওয়া উচিত— রোহিঙ্গাদের জন্য আসিয়ান নেতৃত্বাধীন তহবিল সংগ্রহ উদ্যোগ এবং সংকট সমাধানে আসিয়ান-বাংলাদেশ-চীন যৌথ উচ্চপর্যায়ের রাজনৈতিক সম্মেলন।”
প্রধান উপদেষ্টা ড. ইউনূস বৈঠকে আসিয়ানের সহযোগিতা কামনা করেন এবং বাংলাদেশকে সংস্থাটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “আমরা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে চাই। যেহেতু আমরা আসিয়ানের অংশ নই, তাই সরাসরি বিষয়টি সেখানে তুলতে পারি না। অথচ এই সংকটের সমাধান এখন জরুরি।”
তিনি আরও প্রস্তাব দেন, এপিএইচআর যেন একটি আসিয়ান সংসদীয় প্ল্যাটফর্ম গঠন করে, যেখানে বাংলাদেশকেও আমন্ত্রিত হিসেবে অন্তর্ভুক্ত করা যায়। “এটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রোহিঙ্গা সমস্যা ইতোমধ্যেই আমাদের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে,” বলেন প্রধান উপদেষ্টা।
চার্লস সান্তিয়াগো স্মরণ করিয়ে দেন যে, ২০১৮ সালে আসিয়ান সংসদ সদস্যরা রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন এবং তখন থেকেই তারা এ ইস্যু অনুসরণ করছেন। তিনি স্বীকার করেন, গত দুই-তিন বছর আসিয়ান এ বিষয়ে কিছুটা নীরব ছিল কারণ মূল মনোযোগ ছিল মিয়ানমারে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিকে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের সদস্য ওয়াং চেন, ফিলিপাইনের কংগ্রেসের সাবেক সদস্য রাউল ম্যানুয়েল এবং এপিএইচআরের প্রোগ্রাম ডিরেক্টর চোনলাথান সুফাইবুনলার্ড।
ভোরের আকাশ//হ.র