নতুন বাংলাদেশ গড়তে চাই, যেখানে সবাই সমান অধিকার পাবে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নিরাপত্তা বাহিনীর বেষ্টনির মধ্যে নয় আমরা মুক্তভাবে সবাই সবার ধর্ম পালন করতে চাই। নিজেরা বিভক্ত হলে আমরা জাতি হিসেবে ব্যর্থ হয়ে যাবো, আমরা ব্যর্থ হতে চাই না। আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে সব নাগরিক সমান অধিকার পাবে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশকে আমরা এমন একটা রাষ্ট্র বানাতে চাই যেখানে নিরাপত্তা বাহিনী নয় মুক্তভাবে সবাই মিলে ধর্মীয় উৎসব পালন করতে পারে।
তিনি বলেন, যত ধর্মীয় পার্থক্য থাকুক রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য।
আমরা এমন রাষ্ট্র গড়তে চাই যা বিশ্ব আমাদের অনুসরণ করবে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, জুলাই আকাঙ্খা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে।
এদিন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন ড. ইউনূস। মন্দির পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় যোগ দেন।
এর আগে, সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতারা। তারা আসন্ন দুর্গাপূজায় তাকে পূজামণ্ডপ পরিদর্শনের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণ গ্রহণ করেই তিনি ঢাকেশ্বরী মন্দিরে যান।
ভোরের আকাশ/এসএইচ