আওয়ামী লীগ এখন শুধু গোপালগঞ্জেই সীমাবদ্ধ: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান মন্তব্য করেছেন গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও আওয়ামী লীগের সাংগঠনিক অস্তিত্ব নেই।
সোমবার (১৬ নভেম্বর) অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গোপালগঞ্জে আওয়ামী লীগের আন্দোলনের বিষয় দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগের এই কার্যক্রমটা বেসিক্যালি দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই না। এটাই প্রমাণ করে যে, গোপালগঞ্জ ছাড়া সারা বাংলাদেশে তাদের কোনো অস্তিত্ব নেই। ওখানেই তারা কাজ করতে পারবে। তাদের পলিটিক্যাল কার্ড হারিয়ে ফেলেছে, তাদের কিছু নেই এবং জুলাইকে অস্বীকার করে তাদের রাজনীতি করার আর কোনো সুযোগ নেই সামনে।
গোপালগঞ্জের ঘটনাকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা উল্লেখ করে আন্দালিভ রহমান বলেন, আওয়ামী লীগের সভানেত্রী ডিসেম্বরে দেশে ফিরবেন বলে যে প্রচার চালানো হয়েছিল, সেটি ছিল রাজনৈতিক ব্লাফ। নেতাকর্মীদের মধ্যে হতাশা তৈরি হওয়ায় সেই ইস্যু থেকে দৃষ্টি সরাতে গোপালগঞ্জে সংঘাতের ঘটনা ঘটানো হয়েছে বলে তার ধারণা।
তিনি বলেন, এসব কর্মকাণ্ড করে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কোনো সুবিধা পাবে না। রাজনৈতিকভাবে ফিরে আসার মতো দলটির কোনো সাংগঠনিক অবস্থান বা তৎপরতা সরকার দেখছে না।
ভোরের আকাশ/জেআ