স্বাস্থ্যমন্ত্রীর সাথে ফিলিপাইন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পাদিলা কেইংলেট। আজ ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
কুশল বিনিময়ের পর বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের মাধ্যমে দেশের সব স্তরের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে দেশের বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র পর্যালোচনা করা হচ্ছে।
তিনি বলেন, দেশের হাসপাতালগুলোতে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজনের মাধ্যমে চিকিৎসাসেবার মান উন্নত বিশ্বের পর্যায়ে নিয়ে যেতে সরকার নিরলসভাবে কাজ করছে।
বৈঠকে নার্সিং শিক্ষার মানোন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়েও আলোচনা হয়।
এ সময় ফিলিপাইনের রাষ্ট্রদূত জানান, দেশটির মোট ওষুধের প্রায় ৬৭ শতাংশ পশ্চিমা দেশগুলো থেকে আমদানি করতে হয়। এ পরিস্থিতিতে বাংলাদেশের ওষুধশিল্পের সক্ষমতাকে কাজে লাগিয়ে ফিলিপাইনের ওষুধের চাহিদা পূরণে সহযোগিতা কামনা করেন তিনি।
পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ও জনসম্পর্ক আরও জোরদার করতে ঢাকা-ম্যানিলা সরাসরি ফ্লাইট চালুর ওপরও গুরুত্বারোপ করেন ফিলিপাইনের রাষ্ট্রদূত।
ভোরের আকাশ/জেআ