বিডা, বেজা, পিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত, হচ্ছে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) কর্তৃপক্ষ বিলুপ্ত করে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠনের বিধান রেখে বিল পাস করেছে সংসদ।
বুধবার জাতীয় সংসদে কণ্ঠভোটে ‘ইনভেস্ট বাংলাদেশ বিল, ২০২৬’ পাস হয়।
প্রধানমন্ত্রীর পক্ষে বিলটি পাসের প্রস্তাব করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
নতুন আইনে বিনিয়োগ, শিল্পাঞ্চল ও পিপিপি প্রকল্পের কার্যক্রম এক কর্তৃপক্ষের অধীনে আনা হয়েছে। বিনিয়োগ ও ব্যবসাসংক্রান্ত সব সেবা, অনুমোদন, লাইসেন্স, ছাড়পত্র ও অনুমোদন দেওয়ার জন্য একটি একক ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার বিধানও রাখা হয়েছে।
একই সঙ্গে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল আইন, ২০১০; বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব আইন, ২০১৫; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ এবং ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮ রহিত করা হয়েছে।
কর্তৃপক্ষের কাঠামো
‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ একটি সংবিধিবদ্ধ সংস্থা হবে। এর দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন একজন চেয়ারম্যান ও সাতজন সদস্য। চেয়ারম্যান হবেন কর্তৃপক্ষের প্রধান নির্বাহী।
চেয়ারম্যান ও সদস্যদের সরকার নিয়োগ দেবে। তাদের পদমর্যাদা, চাকরির মেয়াদ, বেতন-ভাতা ও অন্যান্য শর্তও সরকার নির্ধারণ করবে।
নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। যোগ্য ও বিশেষজ্ঞ ব্যক্তিদের আকৃষ্ট ও ধরে রাখার উপযোগী করে তাদের চাকরির শর্ত নির্ধারণ করতে হবে।
কর্তৃপক্ষের প্রধান কার্যালয় হবে ঢাকায়। সরকারের অনুমোদন নিয়ে দেশের অন্য স্থানে শাখা কার্যালয় এবং বিদেশে লিয়াজোঁ অফিস স্থাপন করা যাবে।
দেশি-বিদেশি বিনিয়োগের সম্ভাবনা চিহ্নিত করা, বিনিয়োগ আকর্ষণে প্রচার চালানো, আর্থিক ও অ-আর্থিক প্রণোদনার প্রস্তাব অনুমোদন, বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে সমন্বয় করবে কর্তৃপক্ষ।
বিদেশি কর্মকর্তা, বিশেষজ্ঞ, কর্মচারী ও পরামর্শক নিয়োগের শর্ত নির্ধারণ, ভিসার সুপারিশ ও কর্মানুমতি দেওয়া, বিনিয়োগ চুক্তির খসড়া তৈরিতে সরকারকে সহায়তা এবং শিল্পের তথ্যভাণ্ডার তৈরির দায়িত্বও তাদের থাকবে।
সরকারি শিল্প বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি, স্থাপনা, শেয়ার ও স্বত্ব অধিকতর উপযোগী অর্থনৈতিক কাজে ব্যবহার, হস্তান্তর, ইজারা বা কৌশলগত বিক্রয়ের বিষয়ে সরকারকে পরামর্শ দেবে কর্তৃপক্ষ।
ভোরের আকাশ/এনএস