সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও রদবদল, নতুন কিউএমজি শাহীনুল হক

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে আরও এক দফা রদবদলের অংশ হিসেবে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) পদে নতুন নিয়োগ ঘোষণা করা হয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক সম্প্রতি কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব গ্রহণ করেছেন।
এর আগে ২৪ অক্টোবর থেকে কিউএমজির দায়িত্ব পালন করা লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান-কে এখন কমান্ড্যান্ট হিসেবে এনডিসিতে প্রেরণ করা হয়েছে।
নতুন কিউএমজি শাহীনুল হক এক সময় সেনা সদরের চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) এবং সেনা সদর দপ্তরের (এএইচকিউ) মাস্টার-জেনারেল অব দ্য অর্ডন্যান্স (এমজিও) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
২০তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশন পাওয়া এ কর্মকর্তা চট্টগ্রামের ২৪তম পদাতিক ডিভিশন এবং সাভারের নবম পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন এক সময়।
এনডিসির নতুন কমান্ড্যান্ট ফয়জুর রহমান লেফট্যানেন্ট জেনারেল হিসেবে পদোন্নতি পাওয়ার আগে অল্প কিছুদিন ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন। ২৩তম বিএমএ লং কোর্সের মাধ্যমে কমিশন পাওয়া এ কর্মকর্তা রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবেও দায়িত্ব পালন করেছেন ।
মিলিটারি ইন্সটিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এমআইএসটির নতুন কমান্ড্যান্ট হয়েছেন মেজর জেনারেল হাকিমুজ্জামান, যিনি এতদিন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
আর টাঙ্গাইলের ঘাটাইলে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদ সেনাবাহিনীর নতুন অ্যাডজুট্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন, যিনি এক সময় এনএসআই এর মহাপরিচালক ছিলেন।
এছাড়া রংপুরে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে লজিস্টিকস এরিয়ার (লগ এরিয়া) জিওসি করা হয়েছে। আগের লগ এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোস্তাগৌসুর রহমান সেনাবাহিনী থেকে অবসরে গেছেন।
ভোরের আকাশ/এনএস