শৃঙ্খলাবিরোধী কাজের অভিযোগে বিটিআরসির চার কর্মকর্তাকে নোটিশ

শৃঙ্খলাবিরোধী ও কমিশনের স্বার্থপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চার কর্মকর্তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
শোকজ হওয়া কর্মকর্তারা হলেন—উপপরিচালক (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) সনজিব কুমার সিংহ, উপপরিচালক (অর্থ, হিসাব ও রাজস্ব) মো. জাকির হোসেন খাঁন, উপপরিচালক (সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস) কাজী আহসানুল হাবীব মিথুন ও উপপরিচালক এস এম আফজাল রেজা।
রোববার (১১ অক্টোবর) পৃথক চিঠির মাধ্যমে তাঁদের শোকজ করা হয়।
নোটিশে বলা হয়েছে, বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, অফিস চলাকালে ও অফিস সময়ের বাইরে তাঁরা কমিশনের স্বাভাবিক কার্যক্রম, শৃঙ্খলা ও স্বার্থের পরিপন্থী কর্মকাণ্ডে অফিসের সহকর্মী ও বহিরাগত ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, এসব অভিযোগ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (কর্মচারী) চাকরি প্রবিধানমালা, ২০২২-এর প্রবিধান ৪৮(খ) ও (জ) এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ২(খ) ও ৩(ঙ) অনুযায়ী বিবেচনাযোগ্য।
এ অবস্থায় অভিযোগের বিষয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে বিটিআরসি চেয়ারম্যান বরাবর লিখিত বক্তব্য বা ব্যাখ্যা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তাঁদের কোনো বক্তব্য নেই বলে ধরে নিয়ে প্রযোজ্য বিধিবিধান অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
তবে শোকজ হওয়া কর্মকর্তাদের দাবি, অতীতে সংঘটিত কিছু অবৈধ ও বিতর্কিত নিয়োগ এবং প্রশাসনিক অনিয়মের বিরুদ্ধে তাঁরা অবস্থান নিয়েছিলেন। তাঁদের ভাষ্য অনুযায়ী, ২০১২ সালে বৈধভাবে নিয়োগ পাওয়া ছয়জন উপপরিচালক গত মার্চে এসব অনিয়মের অভিযোগে উচ্চ আদালতে রিট পিটিশন করেন। এ ঘটনার জেরেই তাঁদের শোকজ করা হয়েছে বলে দাবি করেছেন তাঁরা।
তবে কর্মকর্তাদের এ দাবির বিষয়ে বিটিআরসি কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।
ভোরের আকাশ/জেআ