বৈষম্য বিলোপ আইন প্রণয়নের প্রয়োজনীয়তা নিয়ে খাগড়াছড়িতে বিভাগীয় সংলাপ

বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার লক্ষ্যে খাগড়াছড়িতে বৈষম্য বিলোপ আইনবিষয়ক বিভাগীয় পর্যায়ের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) খাগড়াছড়ি পর্যটন মোটেলের সম্মেলনকক্ষে তৃণমূল উন্নয়ন সংস্থার নাগরিকতা এম্পাওয়ারমেন্ট প্রকল্পের আয়োজনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত সংলাপে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
সংলাপে সভাপতিত্ব করেন তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংস্থাটির নাগরিকতা এম্পাওয়ারমেন্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শাশ্বতী দেওয়ান।
এ সময় উপস্থিত ছিলেন এম্বাসি অব সুইজারল্যান্ডের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সাবিনা ইয়াসমিন, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পুলক বরন চাকমা, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা এবং মানুষের জন্য ফাউন্ডেশনের প্রতিনিধি ওয়াসিউর রহমান তন্ময়সহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।
সংলাপে বৈষম্য বিলোপ আইন প্রণয়নের প্রয়োজনীয়তা, নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্য প্রতিরোধে আইনগত সুরক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরে বিদ্যমান বৈষম্য চিহ্নিত করা, বৈষম্যের শিকার ব্যক্তিদের অধিকার সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে কার্যকর আইনি কাঠামো গড়ে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
অংশগ্রহণকারীরা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আইন প্রণয়নের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা এবং নাগরিকদের সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
আয়োজকদের মতে, এ ধরনের সংলাপ বৈষম্য বিলোপ আইন নিয়ে জনমত গঠন, সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে মতবিনিময় এবং সমান অধিকার প্রতিষ্ঠার বিষয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।
ভোরের আকাশ/আ.র