নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্বের পর্দা নামছে আজ, থাকবেন প্রধানমন্ত্রী

সিলেট থেকে শুরু হওয়া নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর দীর্ঘ যাত্রার সমাপ্তি ঘটতে যাচ্ছে আজ। দেশের দশটি অঞ্চলের প্রায় ১ হাজার ৭০০ খুদে ক্রীড়াবিদ ও কর্মকর্তার অংশগ্রহণে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় পর্বের শেষ দিনের আয়োজন। সমাপনী দিনে থাকছে ফুটবল ও ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালসহ নানা আয়োজন।
গত ২০ জুলাই জাতীয় পর্বের খেলা শুরু হয়। এর আগে ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করা হয়েছিল। দেশের বিভিন্ন উপজেলা ও জেলার প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ এই আয়োজনে অংশ নেয়।
আজ বিকেল সাড়ে ৩টায় শুরু হবে সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন কুঁড়িদের সঙ্গে সময় কাটাতে আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। বিকেল ৪টায় ভেন্যুতে পৌঁছে তিনি বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন। এই ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী ও রংপুর অঞ্চল।
ফুটবল ফাইনালের পর অনুষ্ঠিত হবে বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল। এরপর প্রদর্শিত হবে আয়োজনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র। পাশাপাশি নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬-এর থিম সং-এর সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনাও থাকবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। এরপর বক্তব্য রাখবেন অনুষ্ঠানের সভাপতি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক। সবশেষে প্রধান অতিথির বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্য পর্ব শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। এ সময় প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা বিজয়ীদের সঙ্গে অফিসিয়াল ফটো সেশনেও অংশ নেবেন।
প্রতিভা বিকাশের নতুন উদ্যোগ
নতুন কুঁড়ি স্পোর্টসের আটটি ডিসিপ্লিনে অংশ নেওয়া খুদে ক্রীড়াবিদদের মধ্য থেকে ইতোমধ্যে সম্ভাবনাময় প্রতিভাদের বাছাই করা হয়েছে। নির্বাচিত খেলোয়াড়দের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) বিভিন্ন শাখায় প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের।
আয়োজকদের মতে, শুধু প্রতিভা অন্বেষণ নয়, শিশুদের মাঠমুখী করাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। বর্তমান সময়ে গ্যাজেট আসক্তি থেকে দূরে রেখে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোই নতুন কুঁড়ি স্পোর্টসের বড় উদ্দেশ্য।
ভোরের আকাশ/সু.পা