সাংবাদিকদের স্বার্থরক্ষায় সরকার পাশে থাকবে: বরিশালে তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশ ও তথ্যের অবাধ প্রবাহের এই সময়ে বস্তুনিষ্ঠ ও নির্ভুল সংবাদ জনগণের কাছে পৌঁছে দেওয়া সাংবাদিকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দায়িত্বশীল সাংবাদিকতা টিকিয়ে রাখতে রাষ্ট্র, সমাজ ও গণমাধ্যম সংশ্লিষ্ট সবার সম্মিলিত ভূমিকা প্রয়োজন।
সোমবার (২৭ জুলাই) বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিকদের পেশাগত কল্যাণ, নিরাপত্তা এবং বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজকে আয়নার সামনে দাঁড় করায়। তাই স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকাশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও কল্যাণে একটি শক্তিশালী সহায়ক কাঠামো গড়ে তোলার প্রয়োজন রয়েছে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখবে। কারণ গণমাধ্যমের উন্নয়ন দেশের গণতন্ত্র, সুশাসন ও সামাজিক অগ্রগতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য কাওছার হোসেন খোন্দকার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান সাজু এবং বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির।
এ সময় বক্তব্য দেন দৈনিক ইনকিলাব-এর বিশেষ প্রতিনিধি নাছিম উল আলম, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ এবং ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি আক্কাস শিকদার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন দৈনিক বর্তমান-এর ব্যুরো প্রধান মো. মামুন-অর-রশিদ। সঞ্চালনা করেন জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা।
মতবিনিময় সভায় বরিশাল বিভাগের সাংবাদিক নেতারা পেশাগত নিরাপত্তা, চিকিৎসা সহায়তা, আর্থিক অনুদান, দক্ষতা উন্নয়ন এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সেবার পরিধি বাড়ানোর বিষয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। এসব সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন তথ্যমন্ত্রী।
অনুষ্ঠানের শেষে বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী জেলার ৪৯ জন সাংবাদিকের মধ্যে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদানের চেক বিতরণ করা হয়।
ভোরের আকাশ/জেআ