গুলশানে দুই দিনব্যাপী সুগন্ধি মেলা শুরু শুক্রবার

রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাগরেন্স এক্সিবিশন বা সুগন্ধি মেলা। আগামী শুক্রবার ও শনিবার (১৬ ও ১৭ অক্টোবর) গুলশান লিংক রোডসংলগ্ন এলিট কনভেনশন হলে বসবে দুই দিনব্যাপী এ আয়োজন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে মেলা।
আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় প্রবেশের জন্য কোনো ফি দিতে হবে না। এবারের আয়োজনে অংশ নিচ্ছে ৩৫টি ব্র্যান্ড ও এক্সিবিটর। দর্শনার্থীরা এখানে ডিজাইনার পারফিউম, এক্সক্লুসিভ নিশ পারফিউম, আর্টিজানাল ব্লেন্ড, ইনস্পায়ার্ড পারফিউম, প্রাকৃতিক ও কৃত্রিম আতরসহ বিভিন্ন ধরনের সুগন্ধি দেখার ও ঘ্রাণ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি এমন কিছু ফ্র্যাগরেন্সও প্রদর্শিত হবে, যেগুলো সাধারণত বাজারে সহজে পাওয়া যায় না।
মেলার প্রতিটি স্টলে থাকবে বিনা মূল্যে সুগন্ধি পরীক্ষা বা ‘ফ্রি স্নিফিং স্টেশন’। এ ছাড়া দর্শনার্থীরা নিজের পছন্দমতো ঘ্রাণ তৈরির অভিজ্ঞতা নিতে পারবেন। আয়োজনের অংশ হিসেবে থাকছে ইনফ্লুয়েন্সারদের সঙ্গে সরাসরি আড্ডা, বিভিন্ন খাবারের সমারোহ নিয়ে ফুড জোন এবং স্টল থেকে বিনা মূল্যে উপহার পাওয়ার সুযোগ।
আয়োজকদের প্রত্যাশা, সুগন্ধিপ্রেমী ও নতুন ঘ্রাণের সন্ধান করা দর্শনার্থীদের জন্য এ মেলা হবে ব্যতিক্রমী অভিজ্ঞতার সুযোগ।
ভোরের আকাশ/জেআ