দেশে প্রথমবার ভয়েস ওভার ওয়াই-ফাই সেবা চালু করল বাংলালিংক

বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই (VoWiFi) সেবা। মোবাইল অপারেটর বাংলালিংক এ প্রযুক্তি বাণিজ্যিকভাবে চালু করেছে।
সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই উদ্যোগের প্রশংসা করেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, “প্রথমবারের মতো দেশে ভয়েস ওভার ওয়াই-ফাই চালু করার জন্য বাংলালিংককে অভিনন্দন। আশা করছি, শিগগিরই সব অপারেটর এ সেবা সারাদেশে চালু করবে, যাতে শহর ও গ্রামের সব গ্রাহক সমানভাবে উপকৃত হন।”
তিনি আরও জানান, আগস্টের শুরুতেই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এ বিষয়ে নীতি প্রণয়ন ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
ভয়েস ওভার ওয়াই-ফাই এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ব্যবহারকারীরা মোবাইল নেটওয়ার্কের বদলে ওয়াই-ফাই ব্যবহার করে স্বাভাবিক ভয়েস কল করতে পারবেন। ব্যবহারকারীর অভিজ্ঞতা একই থাকবে, তবে কলটি সেলুলার টাওয়ারের পরিবর্তে ওয়াই-ফাইয়ের মাধ্যমে সম্পন্ন হবে।
ব্যবহারকারীর জন্য সুবিধা
- ইনডোর কাভারেজ উন্নত : বেজমেন্ট, বহুতল ভবন কিংবা প্রত্যন্ত অঞ্চলে যেখানে মোবাইল সিগন্যাল দুর্বল, সেখানে কার্যকর হবে।
- নেটওয়ার্ক চাপ কমাবে : টাওয়ারের ওপর চাপ কমে সামগ্রিক সেবার মান বাড়বে।
- কলের মান উন্নত : পাওয়া যাবে এইচডি মানের পরিষ্কার ভয়েস কল এবং কম কল ড্রপ।
- খরচ সাশ্রয়ী : বিশেষ করে আন্তর্জাতিক রোমিংয়ে ওয়াই-ফাই ব্যবহার করে স্থানীয় রেটে কল করা সম্ভব হবে।
প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এ উদ্যোগ গ্রাহকদের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে এবং ডিজিটাল সংযোগে বাংলাদেশকে আরও এগিয়ে নেবে।
ভোরের আকাশ//হ.র