বাংলাদেশে আসুসের নতুন দুই ল্যাপটপ, কোনটির দাম কত?

বাংলাদেশের বাজারে নতুন দুটি প্রিমিয়াম ল্যাপটপ উন্মোচন করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান আসুস। ‘এক্সপার্টবুক আলট্রা ৫’ ও ‘এক্সপার্টবুক আলট্রা ৭’ মডেলের ল্যাপটপ দুটিতে উচ্চক্ষমতার প্রসেসর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-ভিত্তিক সুবিধা, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ ও টেকসই নির্মাণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ল্যাপটপ দুটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে আসুস ও বাংলাদেশে প্রতিষ্ঠানটির পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসির কর্মকর্তারা নতুন মডেলগুলোর বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন।
অনুষ্ঠানে আসুসের ভাইস প্রেসিডেন্ট ও এশিয়া প্যাসিফিক কমার্শিয়াল বিজনেসের মহাব্যবস্থাপক রেক্স লি বলেন, আধুনিক পেশাজীবীদের প্রয়োজন বিবেচনায় নিয়ে কর্মক্ষমতা, বহনযোগ্যতা, নকশা ও নিরাপত্তার সমন্বয়ে এক্সপার্টবুক আলট্রা সিরিজ তৈরি করা হয়েছে।
ল্যাপটপ দুটির অন্যতম বৈশিষ্ট্য হলো পাতলা ও হালকা নকশা। আসুস জানিয়েছে, প্রিমিয়াম বাণিজ্যিক জেটের ডানার নকশা থেকে অনুপ্রেরণা নিয়ে ল্যাপটপ দুটির কাঠামো তৈরি করা হয়েছে। এগুলোর ওজন এক কেজির কম এবং পুরুত্ব মাত্র ১০ দশমিক ৯ মিলিমিটার। ল্যাপটপ দুটি মুন গ্রে ও জেট ফগ—এই দুই রঙে পাওয়া যাবে।
হার্ডওয়্যারের দিক থেকেও ল্যাপটপ দুটিতে শক্তিশালী কনফিগারেশন রাখা হয়েছে। এতে রয়েছে ইন্টেল কোর আলট্রা এক্স৯ প্রসেসর ও ইন্টেল আর্ক বি৩৯০ গ্রাফিকস। পর্দার রিফ্রেশ রেট ৩০ থেকে সর্বোচ্চ ১২০ হার্টজ পর্যন্ত।
ব্যাটারি ব্যাকআপের দিকেও গুরুত্ব দিয়েছে আসুস। প্রতিষ্ঠানটির দাবি, একবার সম্পূর্ণ চার্জে ল্যাপটপ দুটি সর্বোচ্চ ২৬ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। পাশাপাশি দ্রুত চার্জিং সুবিধার মাধ্যমে মাত্র ৩০ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা সম্ভব।
স্থায়িত্বের ক্ষেত্রেও রয়েছে বেশ কিছু সুবিধা। আসুস জানিয়েছে, এক্সপার্টবুক আলট্রা সিরিজের ল্যাপটপগুলো ১০০ কেজি পর্যন্ত চাপ সহ্য করতে পারে। এমনভাবে এগুলো তৈরি করা হয়েছে, যাতে ১২০ সেন্টিমিটার উচ্চতা থেকে পড়ে গেলেও সচল থাকার সক্ষমতা বজায় থাকে। এ ছাড়া কিবোর্ড ও টাচপ্যাডে পানি পড়লেও ক্ষতির আশঙ্কা কম—এমন সক্ষমতাও রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের বাজারে এক্সপার্টবুক আলট্রা সিরিজের দুটি মডেল পাওয়া যাবে। এর মধ্যে এক্সপার্টবুক আলট্রা ৫-এর দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা। আর এক্সপার্টবুক আলট্রা ৭-এর দাম ৩ লাখ ২০ হাজার টাকা।
ভোরের আকাশ/জেআ