ফোরজিতে ন্যূনতম গতি হবে ১০ এমবিপিএস

দেশে মোবাইল ও ইন্টারনেট সেবার মান বাড়াতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) নতুন কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) নীতিমালা অনুমোদন করেছে। বিশেষজ্ঞদের পরামর্শে প্রণীত এই নির্দেশনা সম্প্রতি কমিশনের সভায় চূড়ান্ত হয়, যা মোবাইল অপারেটর, এনটিটিএন ও আইএসপি সেবাদাতাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।
নতুন নীতিমালা অনুসারে, ফোরজি নেটওয়ার্কে ন্যূনতম ডাউনলোড স্পিড নির্ধারণ করা হয়েছে ১০ এমবিপিএস। আগামী সেপ্টেম্বর থেকেই মাসিক ভিত্তিতে নেটওয়ার্ক পারফরম্যান্স ও স্বাস্থ্য পরীক্ষা শুরু করবে বিটিআরসি।
অপারেটরদের মাসিক কর্মক্ষমতার রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। মান যাচাইয়ের সূচকগুলো তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে—অ্যাক্সেসিবিলিটি, রিটেইনেবিলিটি ও নেটওয়ার্ক ইন্টিগ্রিটি। এছাড়া পারফরম্যান্সে সবচেয়ে দুর্বল ৫০টি সেল আলাদা তালিকায় যুক্ত করতে হবে, যাতে দ্রুত সমস্যাগুলো শনাক্ত করে সমাধান করা যায়।
ফিক্সড ইন্টারনেট ও টেলিফোন সেবার ক্ষেত্রেও কড়া মানদণ্ড বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—
কলড্রপ সর্বোচ্চ ১%
কল সেটআপ সাফল্যের হার ৯৯%-এর বেশি
কল সংযোগ সময় ৬ সেকেন্ডের মধ্যে
ইন্টারনেট সেবার মানদণ্ড অনুযায়ী—
লোকাল ট্র্যাফিক সংযোগ সময় সর্বোচ্চ ২৫ মিলিসেকেন্ড
ডেটা লস সর্বাধিক ১%
নেটওয়ার্ক অ্যাভেইলেবিলিটি ৯৯% বা তার বেশি হতে হবে
এছাড়া গ্রাহকসেবায়ও নতুন শর্ত যুক্ত হয়েছে। নেটওয়ার্ক-সংক্রান্ত নয় এমন অভিযোগ ২৮ দিনের মধ্যে সমাধান করতে হবে। পাশাপাশি, কল সেন্টারে আসা ৯০% কল ৪০ সেকেন্ডের মধ্যে এবং সব কল ৯০ সেকেন্ডের মধ্যে রিসিভ করতে হবে।
প্রধান উপদেষ্টা ও তথ্য-প্রযুক্তি এবং টেলিযোগাযোগবিষয়ক বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে লিখেছেন, “নতুন নীতিমালার মাধ্যমে অপারেটরদের জবাবদিহি বাড়বে এবং শহর থেকে গ্রাম—সব জায়গায় সেবার মান উন্নত হবে।”
ভোরের আকাশ//হ.র