বাংলাদেশে এক কোটি ভিডিও সরিয়েছে টিকটক

২০২৫ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে টিকটক এক কোটি ১০ লাখ ৬ হাজার ৯৬০টি ভিডিও মুছে ফেলেছে। সম্প্রতি প্রকাশিত টিকটকের ‘কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্টে’ এ তথ্য জানানো হয়েছে। এতে জানানো হয়, বাংলাদেশের ক্ষেত্রে ভিডিও অপসারণের হার ছিল ৯৯.৬ শতাংশ, যার মধ্যে ৯৭.৭ শতাংশ ভিডিও সরানো হয়েছে আপলোডের ২৪ ঘণ্টার মধ্যেই।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ২১ কোটি ১০ লাখ ভিডিও অপসারণ করেছে টিকটক। এটি প্ল্যাটফর্মে আপলোড হওয়া মোট কনটেন্টের ০.৯ শতাংশ। এর মধ্যে ১৮ কোটি ৪৩ লাখের বেশি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে সরানো হয়েছে, আর যাচাই শেষে ৭৫ লাখের বেশি ভিডিও পুনরায় প্ল্যাটফর্মে ফিরিয়ে দেওয়া হয়েছে।
রিপোর্টে আরও জানানো হয়, অপসারণ করা ভিডিওগুলোর মধ্যে ৩০.১ শতাংশে সংবেদনশীল বিষয়বস্তু ছিল। এছাড়া, ১১.৫ শতাংশ ভিডিও সরানো হয়েছে নিরাপত্তা নীতিমালা লঙ্ঘনের কারণে এবং ১৫.৬ শতাংশ ভিডিও গোপনীয়তা ও সুরক্ষা নির্দেশিকা ভঙ্গের জন্য।
টিকটকের ভাষ্য অনুযায়ী, ৯৯ শতাংশ ভিডিও আগেই শনাক্ত করা হয়েছিল এবং এসবের ৯৪.৩ শতাংশই সরানো হয় ২৪ ঘণ্টার মধ্যে। এছাড়া ৪৫.৫ শতাংশ ভিডিওকে ভুল তথ্য বহনকারী এবং ১৩.৮ শতাংশ ভিডিওকে এডিট করা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি কনটেন্ট হিসেবে চিহ্নিত করা হয়।
প্রতিনিয়তই এ ধরনের রিপোর্ট প্রকাশ করে টিকটক। এতে তাদের কনটেন্ট ব্যবস্থাপনা, অ্যাকাউন্ট তদারকি এবং ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টা সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে আসে। টিকটকের ট্রান্সপারেন্সি সেন্টারে এই রিপোর্টসহ তাদের নীতিমালা, টুলস এবং অন্যান্য দিক সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানা যাবে।
ভোরের আকাশ//হ.র