হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে এখনই বদলে নিন এই সেটিংস

ডিজিটাল যুগে অনলাইন প্রতারণার ঝুঁকি দিন দিন বাড়ছে। কেওয়াইসি (KYC) স্ক্যাম, ডিজিটাল অ্যারেস্ট, ভুয়া কাস্টমার কেয়ারসহ নানা কৌশলে ব্যবহারকারীদের টার্গেট করছে সাইবার অপরাধীরা। এমন পরিস্থিতিতে ব্যবহারকারীদের নিরাপদ রাখতে হোয়াটসঅ্যাপে রয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ফিচার, যা চালু করলে প্রতারণার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
১. সাইলেন্স আননোন কলারস চালু করুন
অচেনা নম্বর থেকে বারবার কল এলে ‘Silence Unknown Callers’ ফিচারটি চালু করুন। এতে অচেনা নম্বরের কল ফোনে রিং হবে না; শুধু কল ট্যাব ও নোটিফিকেশনে দেখা যাবে।
২. কনটেক্সট কার্ডস দেখে নম্বর যাচাই করুন
অচেনা নম্বর থেকে মেসেজ এলে ‘Context Cards’ ফিচারের মাধ্যমে জানতে পারবেন নম্বরটি আপনার পরিচিত কি না বা কোনো কমন গ্রুপে রয়েছে কি না। এতে সন্দেহজনক নম্বর শনাক্ত করা সহজ হবে।
৩. অচেনা ব্যক্তির সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন না
ভিডিও কলে স্ক্রিন শেয়ারের সুযোগ কাজে লাগিয়ে প্রতারকরা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে। তাই অপরিচিত কারও সঙ্গে স্ক্রিন শেয়ার করার আগে সতর্ক থাকুন। এ ধরনের পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপ সতর্কবার্তাও দেখায়।
৪. ডিভাইস লিংকিং অ্যালার্টস নজরে রাখুন
আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে যুক্ত করার চেষ্টা হলে ‘Device Linking Alerts’ ফিচারের মাধ্যমে তাৎক্ষণিক নোটিফিকেশন পাবেন। এমন সতর্কবার্তা পেলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিন।
৫. টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখুন
অ্যাকাউন্ট সুরক্ষায় সবচেয়ে কার্যকর ফিচারগুলোর একটি হলো ‘Two-step Verification’। এটি চালু থাকলে ওটিপির পাশাপাশি একটি অতিরিক্ত পিন (PIN) প্রয়োজন হয়। ফলে অন্য কারও পক্ষে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করা অনেক কঠিন হয়ে পড়ে।
বিশেষজ্ঞদের পরামর্শ, নিরাপত্তা ফিচারগুলো চালু রাখার পাশাপাশি অপরিচিত নম্বর, সন্দেহজনক লিংক এবং ব্যক্তিগত তথ্য চাওয়া কোনো বার্তার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত।
ভোরের আকাশ/এনএ