টাচস্ক্রিন ম্যাকবুকের ইঙ্গিত, বড় চমক আনছে অ্যাপল

প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল আগামী কয়েক বছরে তাদের ম্যাক, আইপ্যাড ও আইফোন সিরিজে বড় ধরনের পরিবর্তন আনতে কাজ করছে। ব্লুমবার্গের প্রযুক্তিবিষয়ক সাংবাদিক মার্ক গারম্যানের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের প্রথমার্ধে নতুন ডিজাইনের ১৪ ইঞ্চির একটি এন্ট্রি-লেভেলের ম্যাকবুক প্রো উন্মোচনের পরিকল্পনা রয়েছে অ্যাপলের। নতুন ডিভাইসটির ডিজাইন বর্তমানের প্রিমিয়াম ম্যাকবুক প্রো সিরিজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে পারে।
এছাড়া এম৬ চিপসংবলিত নতুন ম্যাকবুক সিরিজের পাশাপাশি অ্যাপলের প্রথম টাচস্ক্রিন ম্যাকবুকও উন্মোচিত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি।
নতুন আইপ্যাড প্রো নিয়েও কাজ চলছে বলে জানা গেছে। বর্তমানে চারটি নতুন মডেলের পরীক্ষামূলক কার্যক্রম চলছে। পারফরম্যান্সে উল্লেখযোগ্য উন্নতি আনা হলেও ডিসপ্লের আকার আগের মতো ১১ ও ১৩ ইঞ্চিই রাখা হতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে বাজেট ও এন্ট্রি-লেভেলের পণ্য উন্মোচনের জন্য বসন্তকালকে গুরুত্ব দিচ্ছে অ্যাপল। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালের বসন্তে নতুন ম্যাকবুক, আইপ্যাড ও আইফোন বাজারে আসতে পারে।
সম্ভাব্য নতুন পণ্যের তালিকায় আইফোন ১৮-এর বেস মডেল, নতুন আইফোন এয়ার এবং এম৭ চিপসংবলিত কিছু ডিভাইসও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে ম্যাকবুক প্রো কনটেন্ট ক্রিয়েটর, সফটওয়্যার ডেভেলপার, ভিডিও এডিটর ও গ্রাফিক ডিজাইনারদের কাছে অন্যতম জনপ্রিয় পেশাদার ল্যাপটপ। এতে লিকুইড রেটিনা ডিসপ্লে, অ্যাপল সিলিকন এম-সিরিজ প্রসেসর, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং থান্ডারবোল্ট, এইচডিএমআই, এসডিএক্সসি কার্ড স্লট ও ম্যাগসেফ চার্জিংয়ের মতো আধুনিক সুবিধা রয়েছে।
অ্যাপলের তথ্য অনুযায়ী, সর্বশেষ ম্যাকবুক প্রোতে সর্বোচ্চ ২৪ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কাজের জন্য এতে উন্নত নিউরাল ইঞ্জিন যুক্ত করা হয়েছে, যা ভিডিও সম্পাদনা, থ্রিডি রেন্ডারিং ও মেশিন লার্নিংয়ের মতো ভারী কাজ আরও দ্রুত সম্পন্ন করতে সক্ষম।
ভোরের আকাশ/জেআ