গুগল সার্চে এআই ফিচার ‘ওয়েব গাইড’: বদলে যাচ্ছে তথ্য খোঁজার ধরণ

সার্চ অভিজ্ঞতাকে আরও স্মার্ট ও কার্যকর করতে গুগল নিয়ে এসেছে নতুন ফিচার—‘ওয়েব গাইড’। এআই-চালিত এই ফিচার ব্যবহারকারীদের সার্চ ফলাফলকে আরও গোছানোভাবে উপস্থাপন করবে। গুগলের নিজস্ব জেমিনি এআই মডেল-এর মাধ্যমে চালিত এই নতুন প্রযুক্তি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
গুগল জানিয়েছে, যদি কেউ সার্চে লেখে “how to care for a mango tree”, তাহলে ওয়েব গাইড প্রথমে দুটি প্রাসঙ্গিক ওয়েবসাইট দেখাবে। এরপর জেমিনির তৈরি একটি সংক্ষিপ্ত সারাংশ দেবে এবং পরে বিষয়ভিত্তিক ক্যাটাগরিতে ফলাফলগুলো সাজিয়ে দেবে। এতে করে একজন ব্যবহারকারী খুব সহজেই প্রাসঙ্গিক তথ্য খুঁজে পাবে, যা সময় বাঁচাবে এবং তথ্যের গুণগত মানও নিশ্চিত করবে।
এই ফিচারটি গুগল সার্চ ল্যাবস-এর মাধ্যমে ব্যবহার করা যাবে। ব্যবহারকারী চাইলে আগের মতো সাধারণ ফলাফলও দেখতে পারবে, তবে গুগল জানিয়েছে ভবিষ্যতে এই নতুন ফিচারটি সার্চের “All” ট্যাব-এ স্থায়ীভাবে যুক্ত হতে পারে।
বিশেষজ্ঞরা মনে করছেন, তরুণ প্রজন্মের ব্যবহারকারীদের জন্য এই পরিবর্তন অত্যন্ত সহায়ক হবে। কারণ এটি শুধু তথ্য খোঁজাকে সহজ করে না, বরং অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিকর তথ্যের ঝুঁকিও কমিয়ে আনবে।
এই নতুন ফিচারের মাধ্যমে গুগল সার্চের ব্যবহারিক অভিজ্ঞতায় একটি যুগান্তকারী পরিবর্তনের সূচনা হলো বলে মনে করা হচ্ছে।
ভোরের আকাশ//হ.র