ফোন চুরি বা হারিয়ে গেলে প্রথমেই যা করবেন

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, ব্যক্তিগত তথ্য, ব্যাংকিং ও অনলাইন লেনদেনের গুরুত্বপূর্ণ অংশ। তাই ফোন হারিয়ে গেলে বা চুরি হলে আতঙ্কিত না হয়ে দ্রুত কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি।
ফোন হারিয়ে গেলে বা চুরি হলে প্রথমেই নিকটস্থ থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ করতে হবে। অভিযোগ করার সময় ফোনের আইএমইআই (IMEI) নম্বর, মডেল, সিম নম্বর এবং হারানোর ঘটনার বিস্তারিত তথ্য প্রদান করতে হবে।
এরপর ব্যবহৃত মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে যোগাযোগ করে সিমটি দ্রুত ব্লক করে দিতে হবে। এতে ফোন নম্বর ব্যবহার করে প্রতারণা বা অননুমোদিত কার্যক্রমের ঝুঁকি কমবে।
বিশেষজ্ঞদের মতে, ফোনের আইএমইআই নম্বর আগে থেকেই সংরক্ষণ করে রাখা উচিত। কারণ, এই নম্বরের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফোন শনাক্ত ও উদ্ধারে সহায়তা করতে পারে।
অন্যদিকে, কেউ যদি রাস্তায় কোনো হারানো ফোন কুড়িয়ে পান, তাহলে সেটি নিজের কাছে না রেখে নিকটস্থ থানায় জমা দেওয়া উচিত। হারানো ফোন নিজের কাছে রেখে ব্যবহার করলে আইনগত জটিলতায় পড়তে হতে পারে।
এ ছাড়া নতুন ফোন কেনার পর এর ক্রয়ের রসিদ, আইএমইআই নম্বর এবং প্রয়োজনীয় তথ্য আলাদাভাবে সংরক্ষণ করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জরুরি পরিস্থিতিতে এসব তথ্য ফোন উদ্ধারের প্রক্রিয়া সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভোরের আকাশ/এনএ