ফেসবুক মার্কেটপ্লেসে চালু হচ্ছে আলাদা ‘সেলার’ অ্যাপ

ফেসবুক মার্কেটপ্লেসে কেনাবেচার অভিজ্ঞতা আরও সহজ, নিরাপদ ও কার্যকর করতে একাধিক নতুন ফিচার চালু করতে যাচ্ছে মেটা। নতুন সুবিধাগুলোর মধ্যে রয়েছে নিয়মিত বিক্রেতাদের জন্য আলাদা ‘সেলার’ অ্যাপ, সেলফির মাধ্যমে বিনা মূল্যে পরিচয় যাচাই, নতুন ভিডিও ইন্টারফেস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর বিভিন্ন টুল।
মেটা জানিয়েছে, নিয়মিত পণ্য বিক্রি করা ব্যক্তি ও ব্যবসায়ীদের জন্য ‘সেলার’ নামে একটি স্বতন্ত্র অ্যাপ চালু করা হবে। এই অ্যাপের মাধ্যমে বিক্রেতারা সহজেই পণ্যের তালিকা পরিচালনা, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ এবং বিক্রির অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবেন।
প্রতিষ্ঠানটির তথ্যমতে, ফেসবুক মার্কেটপ্লেসে প্রতি মাসে ৪৩ কোটির বেশি নতুন পণ্যের তালিকা প্রকাশ করা হয়। এ কারণে বিক্রেতাদের জন্য আরও সুশৃঙ্খল ও কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করতেই নতুন অ্যাপটি আনা হচ্ছে।
ব্যবহারকারীদের নিরাপত্তা বাড়াতে চালু হচ্ছে ‘ফেসবুক ভেরিফায়েড’ নামে বিনা মূল্যের পরিচয় যাচাই সুবিধা। এতে ব্যবহারকারীরা সেলফির মাধ্যমে নিজেদের পরিচয় নিশ্চিত করতে পারবেন। যাচাই সম্পন্ন হলে প্রোফাইলে সাদা বৃত্তের মধ্যে একটি টিকচিহ্ন প্রদর্শিত হবে, যা ফেসবুক মার্কেটপ্লেস, ফেসবুক গ্রুপ এবং ফেসবুক ডেটিংয়েও দেখা যাবে।
মেটার দাবি, এই ব্যবস্থা ভুয়া অ্যাকাউন্ট ও প্রতারণার ঝুঁকি কমাতে সহায়ক হবে এবং ক্রেতা-বিক্রেতার মধ্যে আস্থা আরও বাড়াবে।
ভিডিও দেখার অভিজ্ঞতাও উন্নত করতে পরীক্ষামূলকভাবে কয়েকটি নির্বাচিত বাজারে ফুল-স্ক্রিন ভিডিও ইন্টারফেস চালু করা হবে। তবে ব্যবহারকারীরা চাইলে আগের ফিডভিত্তিক ভিডিও প্রদর্শন পদ্ধতিতেও ফিরে যেতে পারবেন।
এ ছাড়া সেলার অ্যাপ ও ফেসবুক গ্রুপে যুক্ত হচ্ছে এআইভিত্তিক নতুন কিছু সুবিধা। এসব টুলের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে পণ্যের বিবরণ তৈরি, প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পাওয়া এবং বিভিন্ন প্রশ্নের তাৎক্ষণিক উত্তর পাওয়া যাবে।
মেটার ভাষ্য, নতুন এআই প্রযুক্তি ব্যবহারকারীদের দৈনন্দিন কাজকে আরও সহজ করবে এবং ফেসবুক মার্কেটপ্লেস ব্যবহারের সামগ্রিক অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।
ভোরের আকাশ/জেআ