গাড়ির স্পিডোমিটারে ২২০ লেখা থাকে কেন, যদি সর্বোচ্চ গতি ১৫০ কিমিই হয়?

অনেক সাধারণ গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১৫০ কিলোমিটার হলেও স্পিডোমিটারে ২২০ বা ২৪০ কিলোমিটার পর্যন্ত স্কেল দেখা যায়। বিষয়টি অনেকের কাছেই কৌতূহলের। এর পেছনে রয়েছে প্রযুক্তিগত, উৎপাদনগত এবং বিপণন-সংক্রান্ত কয়েকটি কারণ।
বিশেষজ্ঞদের মতে, একই মডেলের বিভিন্ন ভ্যারিয়েন্টে আলাদা স্পিডোমিটার তৈরি না করে নির্মাতারা সাধারণত একটি মানসম্মত ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ব্যবহার করেন। এতে উৎপাদন খরচ কমে এবং উচ্চক্ষমতার ভ্যারিয়েন্টেও একই স্পিডোমিটার ব্যবহার করা যায়।
এ ছাড়া স্পিডোমিটারের স্কেল বড় হলে সাধারণ গতির পরিসরে গতি আরও স্পষ্ট ও নির্ভুলভাবে দেখা যায়। সংখ্যা ও দাগের মধ্যে পর্যাপ্ত দূরত্ব থাকায় চালকের জন্য গতি পড়াও সহজ হয়।
মনস্তাত্ত্বিক দিক থেকেও বড় সংখ্যার স্পিডোমিটার গাড়িকে আরও শক্তিশালী ও প্রিমিয়াম বলে মনে করায়। তবে এর অর্থ এই নয় যে, চালককে ওই গতিতে গাড়ি চালাতে উৎসাহ দেওয়া হচ্ছে।
বাংলাদেশে সড়ক ও মহাসড়কে যানবাহনের জন্য নির্ধারিত গতিসীমা রয়েছে এবং তা মেনে চলা আইনগতভাবে বাধ্যতামূলক। তাই স্পিডোমিটারে ২২০ কিলোমিটার পর্যন্ত গতি দেখালেও নিরাপদ ও বৈধ গতিসীমার মধ্যেই গাড়ি চালানো উচিত।
ভোরের আকাশ/এনএ