বড় অঙ্কের জরিমানার মুখে টিকটক, দিতে হবে ৪০ কোটি ডলার

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটক এবার শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের গুরুতর অভিযোগের মুখে পড়েছে। এ-সংক্রান্ত একটি মামলা নিষ্পত্তি করতে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ হাজার ৮৮৬ কোটি ১৭ লাখ ৬০ হাজার টাকা। শিশুদের গোপনীয়তা নিয়ে করা মামলায় এটি এখন পর্যন্ত অন্যতম বড় আর্থিক সমঝোতা হিসেবে বিবেচিত হচ্ছে।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, ২০২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মামলাটি করে। আর অভিযোগে বলা হয়, টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স ১৩ বছরের কম বয়সী ব্যবহারকারীদেত তথ্য সংগ্রহ করেছে। এটি শিশুদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা আইন বা চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট (কোপা) লঙ্ঘনের শামিল। ২০০০ সালে প্রণীত যুক্তরাষ্ট্রের এই ফেডারেল আইনের আওতায় এখন মেটার বিরুদ্ধেও মামলা করেছে দেশটির বেশকিছু অঙ্গরাজ্য।
যুক্তরাষ্ট্রের সহকারী অ্যাটর্নি জেনারেল ব্রেট শুমেট বলেন, এই মামলা শুরু হওয়ার সময়ের তুলনায় এখন শিশু ও অভিভাবকেরা বেশি সুরক্ষিত। একই অভিযোগের কারনে এর আগে যুক্তরাষ্ট্র সরকারকে জরিমানা দিয়েছে গুগলের মালিকানাধীন ইউটিউব ও গেম নির্মাতা প্রতিষ্ঠান এপিক গেমস। ২০১৯ সালে ইউটিউব ১৭ কোটি ডলার এবং ২০২২ সালে এপিক গেমস ২৭ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দেয়।
এদিকে যুক্তরাষ্ট্রের ২৯টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের করা মামলায় চিলড্রেনস অনলাইন প্রাইভেসি প্রোটেকশন অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে মেটাকেও কয়েকশ বিলিয়ন ডলারের বেশি জরিমানার মুখে পড়তে হতে পারে। টিকটকের বিরুদ্ধে মামলাটি গত বছর প্রতিষ্ঠানটির যুক্তরাষ্ট্রের ব্যবসা ও কার্যক্রমকে চীনে থাকা মূল কার্যক্রম থেকে পৃথক করার আগেই করা হয়েছিল। তবে এই সমঝোতা শুধু চীনে টিকটকের কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত।
টিকটকের নতুন ট্রেন্ড ওর্থ দ্য মানি: অর্থের অপচয় নাকি সঠিক বিনিয়োগ সমঝোতার শর্ত অনুযায়ী, টিকটক ও বাইটড্যান্স তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে ৩০ কোটি ডলার দেবে। ফেডারেল ট্রেড কমিশনের সঙ্গে ২০১৯ সালের একটি সম্মতিসংক্রান্ত আদেশ বাতিল করার পর আরও ১০ কোটি ডলার দেয়া হবে।
চুক্তির অংশ হিসেবে বাইটড্যান্সের পূর্বসূরি প্রতিষ্ঠান মিউজিক্যালি এই অ্যাক্ট লঙ্ঘনের দায়ে ৫৭ লাখ ডলার জরিমানা দিতে বাধ্য হয়েছিল। একই সঙ্গে ১৩ বছরের কম বয়সী যেকোনো ব্যবহারকারীর ক্ষেত্রে অভিভাবকের সম্মতি নেয়ার বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছিল।
ভোরের আকাশ/জেআ