এসি কেন বিস্ফোরিত হয়? জেনে নিন কারণ ও প্রতিরোধের উপায়

গ্রীষ্মের তীব্র গরমে এসি এখন অনেকের দৈনন্দিন প্রয়োজন। তবে সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে এসি বিস্ফোরণের মতো দুর্ঘটনাও ঘটতে পারে। বিশেষজ্ঞদের মতে, কিছু সাধারণ সতর্কতা মেনে চললে এ ধরনের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
এসি বিস্ফোরণের অন্যতম প্রধান কারণ রেফ্রিজারেন্ট গ্যাসের লিক। এসিতে উচ্চচাপে থাকা এই গ্যাস লিক হয়ে আগুনের উৎস বা স্ফুলিঙ্গের সংস্পর্শে এলে বিস্ফোরণের ঝুঁকি তৈরি হতে পারে।
নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবও বড় একটি কারণ। দীর্ঘদিন এসি পরিষ্কার বা সার্ভিসিং না করলে ধুলাবালি ও ময়লা জমে যন্ত্রাংশে ত্রুটি দেখা দেয়। এতে কম্প্রেসার ও অন্যান্য বৈদ্যুতিক অংশ অতিরিক্ত গরম হয়ে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে।
এ ছাড়া দীর্ঘ সময় একটানা এসি চালানো, বৈদ্যুতিক লাইনে ভোল্টেজের ওঠানামা, নিম্নমানের তার বা সার্কিট ব্রেকার ব্যবহার এবং ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক সংযোগও এসি বিস্ফোরণের কারণ হতে পারে।
এসি ব্যবহারে কিছু সতর্কতা মেনে চললে ঝুঁকি কমানো সম্ভব। নিয়মিত অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে সার্ভিসিং করানো, ফিল্টার ও কনডেনসার পরিষ্কার রাখা এবং প্রয়োজন হলে রেফ্রিজারেন্ট লিক পরীক্ষা করানো উচিত।
পুরোনো বা ত্রুটিপূর্ণ এসি দীর্ঘদিন ব্যবহার না করে প্রয়োজন হলে নতুন ও নিরাপদ মডেলে পরিবর্তন করা ভালো। এসি থেকে অস্বাভাবিক শব্দ, পোড়া গন্ধ বা ধোঁয়া বের হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে টেকনিশিয়ানের সহায়তা নিতে হবে।
এ ছাড়া এসির জন্য আলাদা সার্কিট ব্রেকার ব্যবহার, মানসম্মত বৈদ্যুতিক সংযোগ নিশ্চিত করা এবং দীর্ঘ সময় একটানা এসি না চালানোর পরামর্শ দেন বিশেষজ্ঞরা। ঘরে কেউ না থাকলে অপ্রয়োজনে এসি চালিয়ে না রাখাও নিরাপদ অভ্যাস।
ভোরের আকাশ/এনএ