অজুর পর এই দোয়া পড়ার ফজিলত কী? জানুন ইসলামের কথা

পবিত্রতা ও পরিচ্ছন্নতা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা। একজন মুমিনের জীবনে শারীরিক ও আত্মিক পবিত্রতার বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজ আদায় ও কোরআন তিলাওয়াতসহ বিভিন্ন ইবাদতের জন্য অজু গুরুত্বপূর্ণ আমল।
রাসুলুল্লাহ (সা.) অজুর পর একটি বিশেষ দোয়া পাঠের ফজিলত বর্ণনা করেছেন। হাদিস অনুযায়ী, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করার পর কালিমায়ে শাহাদাত পাঠ করেন, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়ার সুসংবাদ রয়েছে। তিনি ইচ্ছামতো যেকোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন।
অজুর পর পড়ার দোয়া
উচ্চারণ: আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলুহু।
অর্থ: আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি একক, তাঁর কোনো শরিক নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ (সা.) তাঁর বান্দা ও রাসুল।
দোয়াটির সঙ্গে কিছু বর্ণনায় আরও পড়া হয়েছে,
উচ্চারণ: আল্লাহুম্মাজআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন।
অর্থ: হে আল্লাহ, আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করুন এবং পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত করুন।
হাদিসের বর্ণনা
হজরত উমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করার পর এই দোয়া পাঠ করবে, তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে। সে ইচ্ছামতো যেকোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে।
সূত্র: সহিহ মুসলিম, হাদিস নম্বর ২৩৪; জামে তিরমিজি, হাদিস নম্বর ৫৫।
তাই অজু সম্পন্ন করার পর এই দোয়া পাঠ করা একজন মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ আমল। নিয়মিত আমলটির মাধ্যমে মহান আল্লাহর কাছে পবিত্রতা ও জান্নাত লাভের আশা করা যায়।
ভোরের আকাশ/জেআ