ধর্মীয় ও শিক্ষাবিষয়ক কর্মসূচিতে অংশ নিতে
বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

দাওয়াতি সফরে ১১ দিনের জন্য বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী। সফরকালে তিনি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে বিভিন্ন ধর্মীয় ও শিক্ষাবিষয়ক কর্মসূচিতে অংশ নেবেন।
মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, গবেষক ও শিক্ষাবিদ আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী আগামী ১২ জুলাই ভারতের মুম্বাই থেকে বাংলাদেশ সফরে আসছেন। ১১ দিনের এ সফরে তিনি দেশের বিভিন্ন স্থানে আয়োজিত ধর্মীয় সেমিনার, দাওয়াহভিত্তিক কর্মসূচি, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা এবং আলেম-উলামাদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন।
সফরের অন্যতম প্রধান আয়োজন হিসেবে আগামী ১৮ জুলাই সকাল ৯টায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিত ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক (কীনোট স্পিকার) হিসেবে বক্তব্য দেবেন তিনি।
একই অনুষ্ঠানে তার উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হবে। আয়োজকদের আশা, এ সম্মেলন ইসলামী চিন্তা, গবেষণা ও বুদ্ধিবৃত্তিক চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সফরকালে তিনি ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারে বিভিন্ন দ্বীনি সেমিনার, তরুণদের উদ্দেশ্যে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং শিক্ষাবিষয়ক মতবিনিময় সভায় অংশ নেবেন। এছাড়া চট্টগ্রাম সফরে দেশের ঐতিহ্যবাহী হাটহাজারী ও পটিয়া মাদ্রাসা পরিদর্শনেরও কথা রয়েছে।
১৯৫৫ সালে ভারতের লখনৌতে জন্মগ্রহণকারী আল্লামা সাজ্জাদ নোমানী উপমহাদেশের অন্যতম প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, গবেষক, লেখক ও শিক্ষাবিদ। তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের খাস কমিটির সদস্য ও মুখপাত্র। পাশাপাশি ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট, মুম্বাই এবং জামিআ দারুল উলুম ইমামে রব্বানী, ভারতের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি দারুল উলুম নদওয়াতুল উলামা, দারুল উলুম দেওবন্দ এবং ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনার শিক্ষার্থী ছিলেন। ইসলামি শিক্ষা, গবেষণা, দাওয়াহ ও মুসলিম সমাজের কল্যাণে দীর্ঘদিনের অবদানের জন্য দেশ-বিদেশে তিনি সমাদৃত।
ভোরের আকাশ/এনএ